শিরোনাম

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে দেশে মোট ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
চলতি বছরের ১ থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার। ফলে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১ শতাংশ।
এছাড়া শুধু ৭ থেকে ৯ মে-এই তিন দিনে দেশে ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
সংশ্লিষ্টদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।