বাসস
  ১০ মে ২০২৬, ২১:৪১

বাজেটে রেস্তোরাঁ খাতের ১১ দফা দাবি

ছবি: বাসস

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে রেস্তোরাঁ খাতের সংকট মোকাবিলায় ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। দাবির মধ্যে রয়েছে ভ্যাট-ট্যাক্স সহনীয় করা, গ্যাস-সংকট নিরসন, ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি বন্ধ এবং ওয়ান স্টপ সার্ভিস চালু।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সমিতির নেতারা।

সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, করোনার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় রেস্তোরাঁ খাত গভীর সংকটে পড়েছে। উৎপাদন ব্যয় বাড়লেও ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

তিনি বলেন, বর্তমানে একটি রেস্তোরাঁ চালু করতে ১০ থেকে ১২ ধরনের সনদ নিতে হয়। এসব অনুমোদন পেতে দীর্ঘসূত্রতা ও বিভিন্ন দপ্তরের জটিলতার কারণে ব্যবসার খরচ বাড়ছে। এ পরিস্থিতিতে দ্রুত ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আগামী বাজেটে ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনারও দাবি জানানো হয়। সংগঠনের দাবি, ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানো হলেও সম্পূরক শুল্ক ও অন্যান্য করের চাপে ব্যবসায়ীরা এখনো বিপাকে রয়েছেন।

এ ছাড়া এলপিজি-সংকট সমাধান, লাইনের গ্যাসের নতুন সংযোগ চালু, কর্পোরেট আগ্রাসন বন্ধ, রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে কার্যকর স্বীকৃতি এবং ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি শাহ সুলতান খোকন, যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।