বাসস
  ১০ মে ২০২৬, ২১:১৭

ইইউর ডিজিটাল পাসপোর্ট বাস্তবায়নে বিজিএমইএ-অ্যাওয়ার চুক্তি

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশের তৈরি পোশাক খাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বাস্তবায়নে বিজিএমইএ ও নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান অ্যাওয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

ঢাকায় আজ রোববার স্বাক্ষরিত এ চুক্তির আওতায় বাংলাদেশের প্রায় ৪ হাজার পোশাক কারখানার আমদানিকৃত ফাইবার ও কাঁচামালের তথ্য ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে যাচাইযোগ্য ডিজিটাল রেকর্ডে রূপান্তর করা হবে। এর ফলে ২০২৭ সাল থেকে ইইউতে বাধ্যতামূলক হতে যাওয়া ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বাস্তবায়ন সহজ হবে।

বিজিএমইএ’র সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও অ্যাওয়ারের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক ফেকো ভ্যান ডার ভিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজিএমইএ জানায়, ইউরোপীয় ইউনিয়নের নতুন বিধান অনুযায়ী, ২০২৭ সাল থেকে ইউরোপে রপ্তানি হওয়া প্রতিটি পোশাকের জন্য কাঁচামালের উৎস, উৎপাদন প্রক্রিয়া ও পরিবেশগত প্রভাবসংক্রান্ত তথ্যসম্বলিত ডিজিটাল পাসপোর্ট থাকতে হবে। বাংলাদেশের পোশাকশিল্প যেহেতু আমদানিকৃত ফাইবার ও সুতার ওপর নির্ভরশীল, তাই এ ক্ষেত্রে আন্তঃসীমান্ত তথ্য যাচাই বড় চ্যালেঞ্জ।

অ্যাওয়ারের ব্লকচেইনভিত্তিক প্রযুক্তির মাধ্যমে কাঁচামালের প্রতিটি চালানের জন্য ডিজিটাল টোকেন তৈরি হবে, যা উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ করবে। এতে ইউরোপীয় ব্র্যান্ডগুলো যাচাইযোগ্য তথ্যভিত্তিক সরবরাহ নিশ্চিত করতে পারবে।

অ্যাওয়ারের প্রতিষ্ঠাতা ফেকো ভ্যান ডার ভিন বলেন, প্রমাণহীন দাবির যুগ শেষ হচ্ছে। এখন যাচাইযোগ্য তথ্যই বৈশ্বিক বাজারে টিকে থাকার প্রধান শর্ত।