বাসস
  ০৯ মে ২০২৬, ২০:১৮

জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

ছবি : বাসস

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জ্বালানি খাতে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাড়াতে হবে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় বিসিআই বোর্ডরুমে আজ শনিবার অনুষ্ঠিত ‘ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ : সিকিউরিটি, সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হোসেন জিল্লুর রহমান সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, জ্বালানি খাতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যবসায়ী ও সরকার একযোগে কাজ করলে জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্সের লিড অ্যানালিস্ট শফিকুল আলম। আলোচনায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, তুলনামূলক সস্তা গ্যাস, জ্বালানি ও শ্রমশক্তির কারণে দেশের শিল্পখাত বিকশিত হয়েছে। তবে ২০২২ সালের পর থেকে সস্তা গ্যাস ও জ্বালানির যুগ শেষ হয়ে আসছে। প্রতিবছর প্রায় ১০০ এমএমসিএফ গ্যাস উত্তোলন কমে যাচ্ছে এবং সরকার এলএনজি আমদানির মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবেলায় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে কার্যকর ও বাস্তবসম্মত প্রস্তাব দিতে হবে, যাতে শিল্প ও কর্মসংস্থান সুরক্ষিত থাকে।

আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব ও  গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা সিদ্দিক জোবায়ের, বিআইপিপিএ সভাপতি ডেভিড হাসানাত বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম স্বপন, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান, বিএসআরইএ’র সভাপতি মোস্তফা আল মাহমুদ ।