শিরোনাম

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজিএমইএ সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল-এর ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল ক্যাবালেরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী এবং আইভি ডিকার্বের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় বিজিএমইএ ও আইভি ডিকার্ব যৌথভাবে বিজিএমইএ’র সদস্য কারখানাগুলোর মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের আধুনিক কৌশলগুলো তুলে ধরবে এবং উন্নত ও বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে সহায়তা করবে।
এছাড়া, টেক্সটাইল যন্ত্রপাতি আধুনিকায়নের ফলে উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়নের ওপর ইতিবাচক প্রভাব মূল্যায়নে আইভি ডিকার্বের মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে এ অংশীদারিত্ব কাজ করবে।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, কার্বন নিঃসরণ হ্রাস এখন শুধু পরিবেশগত দায়বদ্ধতার বিষয় নয়, বরং বাংলাদেশের পোশাক শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্তে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘আইভি ডিকার্বের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে বিজিএমইএ সদস্য কারখানাগুলোকে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ুর ওপর ইতিবাচক প্রভাব নিশ্চিত করার একটি কার্যকর পথ দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল-এর ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল ক্যাবালেরো বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশ এবং টেকসই উন্নয়নে বিজিএমইএ’র নেতৃত্ব এই অংশীদারিত্বকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিগত সুযোগ শনাক্তের মাধ্যমে কারখানাগুলোকে কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করা এবং শিল্প উদ্যোক্তাদের আধুনিক যন্ত্রপাতি, অর্থায়ন ও প্রভাব পরিমাপের সমাধানের সঙ্গে যুক্ত করা।
সংশ্লিষ্টদের মতে, এই সমঝোতা স্মারক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই, সম্পদ-সাশ্রয়ী এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।