শিরোনাম

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের রয়্যালটি পরিশোধ অনুমোদন সেবাকে পুরোপুরি ডিজিটাল করেছে। এর ফলে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদন পেতে আগের প্রায় দুই মাসের পরিবর্তে এখন মাত্র সাত থেকে ১০ কার্যদিবস সময় লাগছে।
কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের ফলে বাংলাদেশে কর্মরত বিদেশি বিনিয়োগকারীদের জন্য রয়্যালটি পরিশোধ, কারিগরি সহায়তা ফি এবং বৈদেশিক অর্থ প্রেরণের অনুমোদন প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়েছে।
অনলাইন রয়্যালটি সেবাটি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের জানুয়ারিতে চালু করা হয়। ডিজিটাল ব্যবস্থার আগে অনুমোদন পেতে সাধারণত দেড় থেকে দুই মাস সময় লাগত।
নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থার ফলে কর্মপ্রবাহের দক্ষতা প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিক প্রক্রিয়াকরণের সময় প্রায় ৮৩ শতাংশ কমেছে।
বিনিয়োগকারীরা এখন ওএসএস পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে এবং অনলাইনে অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছেন, যা পুরো অনুমোদন প্রক্রিয়ায় আরো বেশি স্বচ্ছতা নিশ্চিত করছে।
গত এপ্রিলেই বিডা উন্নত এই ব্যবস্থার মাধ্যমে চারটি রয়্যালটি পরিশোধ আবেদন অনুমোদন করেছে।
আগে বিদেশি কোম্পানিগুলোকে প্রায় ৫০০ পৃষ্ঠার সহায়ক নথি হাতে জমা দিতে হতো। এসব নথি যাচাই, সারসংক্ষেপ প্রস্তুত, অভ্যন্তরীণ পর্যালোচনা এবং চূড়ান্ত অনুমোদনে কয়েক সপ্তাহ লেগে যেত।
নতুন ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে তথ্য ইনপুট ও নথির গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করার সুবিধা যুক্ত হওয়ায় যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হয়েছে। একই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন সেবা ফি পুরোপুরি অনলাইনে পরিশোধ করা যাচ্ছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এই ডিজিটাল উদ্যোগ বিনিয়োগসেবা খাতে একটি গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করেছে।
তিনি বলেন, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ঘাটতি দূর করেছি। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে সময়মতো এবং সুস্পষ্ট ও সুশৃঙ্খল নথিপত্র প্রক্রিয়ার মাধ্যমে বিনিয়োগসেবা দিতে হবে।
তিনি আরো বলেন, রয়্যালটি সেবাকে পুরোপুরি ডিজিটাল করার মাধ্যমে বিডা শুধু গতি বাড়ায়নি, বরং যাচাই প্রক্রিয়াকে আরো কাঠামোবদ্ধ ও শক্তিশালী করেছে। ফলে বিনিয়োগকারীরা এখন আরো নির্ভরযোগ্য, স্বচ্ছ ও কার্যকর সেবা পাবেন।
রয়্যালটি পরিশোধ সহজীকরণ উদ্যোগে কারিগরি সহায়তা দিয়েছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম (টিইপিপি)। আর বাস্তবায়ন সহায়তা দিয়েছে বিজনেস অটোমেশন লিমিটেড।
কর্মকর্তারা জানান, ওএসএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অভিজ্ঞতা ও সেবার সহজলভ্যতা আরো উন্নত করতে কাজ চলমান রয়েছে।
বর্তমানে বিডার ওএসএস পোর্টালে ৪৭টি সরকারি সংস্থার ১৪০টির বেশি বিনিয়োগসংশ্লিষ্ট সেবা সংযুক্ত রয়েছে, যার মধ্যে বিডার নিজস্ব সেবা রয়েছে ৪০টি।