শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ক্রমবর্ধমান ব্যবস্থাপনা ও আর্থিক চাপের মুখে থাকা ক্ষুদ্র শিল্পগুলোকে সুরক্ষায় জরুরি আর্থিক ও নীতিগত সহায়তার উদ্যোগ গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর মধ্যে অনুষ্ঠিত ৪৬তম পরামর্শক কমিটির সভায় এ আহ্বান জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে ও এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওবায়দুর রহমান সতর্ক করে বলেন, ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক চাপের কারণে অনেক ক্ষুদ্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
তিনি নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খাতটির টিকে থাকা এখন তাৎক্ষণিক হস্তক্ষেপের ওপর নির্ভর করছে।
তিনি জোর দিয়ে বলেন, সময়মতো সহায়তা না পেলে কর্মসংস্থান ও স্থানীয় উৎপাদনের প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত ক্ষুদ্র শিল্পগুলো আগামী অর্থবছরে টিকে থাকতে হিমশিম খাবে।
সভায় অংশগ্রহণকারীরা উৎপাদন ব্যয় কমানো ও নগদ অর্থ প্রবাহ উন্নত করতে ক্ষুদ্র শিল্পের ওপর ভ্যাটের চাপ কমানোর সুপারিশ করেন।
একই সঙ্গে, তারা জেলা ও উপজেলা পর্যায়ে আয়কর আদায় জোরদার করে প্রত্যক্ষ করের আওতা বাড়ানোর প্রস্তাব দেন, যা ভ্যাট সমন্বয়ের ফলে সম্ভাব্য রাজস্ব ঘাটতি পুশিয়ে দিতে সহায়ক হতে পারে।
তারা উল্লেখ করেন, শিল্প প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখতে ক্ষুদ্র শিল্পের স্থায়িত্ব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের মতে, লক্ষ্যভিত্তিক সংস্কার ও তাৎক্ষণিক রাজস্ব সহায়তা না পেলে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসা বন্ধ করতে বাধ্য হতে পারেন।
বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ভ্যাটের হার আরও কমানো উচিত এবং কর আদায়ের ক্ষেত্রে একক পদ্ধতি চালু করা প্রয়োজন।
তিনি আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানির অভিযোগ তুলে বলেন, প্রশাসনিক চাপ ও মাঠপর্যায়ের হয়রানির কারণে ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।