শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যবসায়ী সমাজের সাফল্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। বেসরকারি খাতের প্রসারে আরো সহায়ক পরিবেশ তৈরি করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘চলমান বাজেট সম্পর্কিত পদক্ষেপগুলো স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শুল্ক ও কর যৌক্তিকীকরণের ওপর গুরুত্ব দেবে।’
রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এফবিসিসিআই-এর মধ্যে অনুষ্ঠিত পরামর্শক কমিটির ৪৬তম সভায় এসব কথা বলেন এনবিআর প্রধান।
ব্যবসা সহজীকরণের গুরুত্ব তুলে ধরে আবদুর রহমান খান বলেন, অতিরিক্ত বিধিনিষেধ এখনো ব্যবসায়ীদের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ।
তিনি জানান, ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টিকারী নির্দিষ্ট রেগুলেটরি বাধাগুলো চিহ্নিত ও অপসারণের জন্য কাজ করছে রাজস্ব কর্তৃপক্ষ।
তিনি বলেন, ‘নিয়মকানুন যাতে কোনোভাবেই প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে আমরা প্রতিটি বিষয় আলাদাভাবে সমাধান করব।’
এনবিআর প্রধান বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য রাজস্ব প্রতিপালন প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন। তিনি বলেন, যারা নতুনভাবে বাজারে প্রবেশ করছেন, তাদের জন্য কর-প্রক্রিয়া যেন বোঝা হয়ে না দাঁড়ায়।
তিনি আরো বলেন, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করাও জরুরি। ব্যবসায়ী সমাজের প্রস্তাব ও মতামত বিবেচনায় নিয়ে কার্যকর নীতিগত সমাধানে পৌঁছাতে এনবিআর সতর্কতার সঙ্গে কাজ করবে।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে রাজস্ব কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের মধ্যে আরো শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।