বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৭:১০

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন 

ফাইল ছবি

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর জানায়, রিস্ক বেইজড অডিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে এসব রিটার্ন নির্বাচন করা হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে ২০২৫ সালের জুলাই মাসে র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কয়েকটি সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে প্রতিটি সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকায় অডিট নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হয়েছে, যা করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।

এনবিআর আরও জানায়, স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিআইএন নম্বরের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি মনে করছে, এই স্বয়ংক্রিয় পদ্ধতি একদিকে যেমন স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।