শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশে মানবিক ও দুর্যোগ সহায়তা কার্যক্রমে বেসরকারি খাতের অবদান আরও কার্যকরভাবে সমন্বয় ও জোরদারের লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা (ইউএন ওচা)-এর মধ্যে আজ উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ইউনাইটেড নেশনস হাউসে অনুষ্ঠিত বৈঠকে ইউএন ওচার ফাইন্যান্সিং অ্যান্ড আউটরিচ ডিভিশনের পরিচালক লিসা ডাউটেন এবং এফবিসিসিআই প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে জানানো হয়, এশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমার ইউএন ওচার অগ্রাধিকারভুক্ত দেশ। ইউএন ওচা সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ), কান্ট্রি-বেইজড পুলড ফান্ড এবং হিউম্যানিটারিয়ান রেসপন্স প্ল্যান (এইচআরপি)-এর মতো বৈশ্বিক সমন্বয় কাঠামোর মাধ্যমে সময়োপযোগী, প্রয়োজনভিত্তিক ও নীতিনির্ভর মানবিক সহায়তা নিশ্চিত করে আসছে।
সভায় এফবিসিসিআইয়ের ‘কানেক্টিং বিজনেস ইনিশিয়েটিভ (সিবিআই)’-এর ২২তম সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টিও প্রশংসিত হয়। ইউএন ওচা ও ইউএনডিপির যৌথ এ প্ল্যাটফর্মটি দুর্যোগের আগে, চলাকালীন ও পরে বেসরকারি খাতের কৌশলগত সম্পৃক্ততা নিশ্চিত করে।
আলোচনায় এফবিসিসিআই সদস্যদের চলমান দুর্যোগ মোকাবিলা ও সহনশীলতা বৃদ্ধিমূলক কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে বেসরকারি খাত, সরকার ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে লজিস্টিকস, সাপ্লাই চেইন, অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতাকে সমন্বিতভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়।
বৈঠকে এফবিসিসিআই ও ইউএন ওচার মধ্যে কাঠামোবদ্ধ সহযোগিতার বিভিন্ন সুযোগ নিয়েও আলোচনা হয়। এর মধ্যে রয়েছে মানবিক সমন্বয় ব্যবস্থার ওপর যৌথ প্রশিক্ষণ, বেসরকারি খাতের ক্ষয়ক্ষতি ভিত্তিক জরুরি সমন্বয় মডেলের পাইলট উদ্যোগ এবং এফবিসিসিআই সেফটি কাউন্সিলকে জাতীয় ও বৈশ্বিক সমন্বয় প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা।
এছাড়া লিঙ্গ-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক মানবিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে নারী-নেতৃত্বাধীন উদ্যোগ পুনরুদ্ধার, এমএসএমই খাতের সহায়তা এবং জরুরি সহায়তা সামগ্রী নিশ্চিতকরণে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এসব উদ্যোগ একটি কাঠামোবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার বাস্তব সুযোগ সৃষ্টি করবে বলে উভয় পক্ষই একমত পোষণ করে। এর মাধ্যমে এফবিসিসিআই, বিশেষত এর সেফটি কাউন্সিল, ইউএন ওচার মানবিক সমন্বয় কার্যক্রমকে পরিপূরকভাবে সহায়তা করতে পারবে। একই সঙ্গে বাংলাদেশে একটি কার্যকর ও সম্প্রসারণযোগ্য বেসরকারি খাত-মানবিক অংশীদারিত্ব মডেল গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।