বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৯

প্যাকেটজাত পণ্যে কিউআর কোড ব্যবস্থা চালু করবে এনবিআর

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আজ জানিয়েছেন, খুচরা বাজারে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি রোধ এবং কর বিধি প্রতিপালন বাড়াতে প্যাকেটজাত পণ্যে কিউআর কোড ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে এনবিআর।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে তামাকজাত পণ্যে এই ব্যবস্থা চালু করা হবে। পরবর্তীতে সাবান, শ্যাম্পু, বোতলজাত পানি এবং চিনিযুক্ত পানীয়সহ অন্যান্য প্যাকেটজাত পণ্যেও এটি পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে নজরদারি ব্যবস্থা জোরদার করা এবং খুচরা পর্যায়ে ভ্যাট ফাঁকি কমানো সম্ভব হবে।’

আজ রাজধানীর এনবিআর সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট সভায় তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান খান বলেন, কর ফাঁকি বা অনিয়ম সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পুরস্কার দেওয়া হবে।

তিনি সতর্ক করে বলেন, যারা কর ফাঁকিতে জড়িত বলে প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ)।