বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ২০:১২

অনিশ্চিত যুদ্ধবিরতি ও হরমুজ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনিশ্চিত যুদ্ধবিরতি পরিস্থিতি এবং হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার কারণে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

টোকিও থেকে এএফপি জানায়, জিএমটি ০০:২৫ মিনিটে মার্কিন অপরিশোধিত তেলের সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ৪.০৬ শতাংশ বেড়ে ৯৬.৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট নর্থ সি ক্রুড ৩.৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৬৩ ডলারে দাঁড়ায়। তবে পরবর্তী কয়েক মিনিটে দাম কিছুটা কমে যায়।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকেই তেলের বাজারে বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে এবং যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, এমন আশঙ্কায় দাম ধীরে ধীরে বাড়ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার জন্য সময় দিতে তিনি যুদ্ধবিরতি বজায় রাখবেন।

অন্যদিকে ইরান জানিয়েছে, পাকিস্তানের উদ্যোগকে স্বাগত জানালেও ট্রাম্পের ঘোষণার বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করেনি।