বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ২০:৪৮

চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৭.৯ শতাংশ বৃদ্ধি

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ (বাসস) : দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের ২০ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৭.৯ শতাংশ  বৃদ্ধি পেয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল একদিনেই দেশে এসেছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ মিলিয়ন (২২১ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ১ হাজার ৮৮১ মিলিয়ন ডলারের তুলনায় ১৭.৯ শতাংশ বেশি।

এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪২৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৩ হাজার ৬৬৬ মিলিয়ন ডলার। ফলে অর্থবছর ভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০.১ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সামগ্রিক অর্থনীতিতে আস্থার পরিবেশ তৈরি করছে।