শিরোনাম

পঞ্চগড়, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস): ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ (মঙ্গলবার) বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন শুক্রবার সরকারি ছুটি হওয়ায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে। বন্ধ থাকাকালীন ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরী ভিত্তি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ভুটান ও বাংলাদেশে সংলগ্ন জলপাইগুড়ি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, সরকারি ছুটি দিনসহ মোট চার দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আবারও তা স্বাভাবিক হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সময়টাতেও স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ থাকবে।