শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।
রোববার এই সফর উপলক্ষ্যে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিএসই’র চেয়ারম্যান এ. কে. এম. হাবিবুর রহমান, বোর্ড পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, নাজনীন সুলতানা এবং ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক পুঁজিবাজারের উন্নয়নকেন্দ্রিক একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজারের বহুমুখীকরণ এবং বিশেষ করে, পণ্যভিত্তিক ‘ডেরিভেটিভস বাজার’ ও ‘মাল্টি এসেট ক্লাস এক্সচেঞ্জ’ গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি ভারতীয় ব্রোকার ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বাজারে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
ডা. রাজীব রঞ্জন তার বক্তব্যে বলেন, ‘পুঁজিবাজার বিষয়ে ভারতের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা আমরা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী। যৌথ কারিগরি সেশন ও নলেজ ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশেষত কমোডিটি ডেরিভেটিভস খাতে ভারতের দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের আর্থিক বাজারকে আরও উন্নত করতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিএক্স) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই)-এর সফল মডেলটি সিএসই’র জন্য একটি ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করতে পারে। ভারত বাংলাদেশকে কেবল প্রতিবেশী নয়, বরং প্রকৃত উন্নয়ন অংশীদার হিসেবে দেখে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
এ সময় সিএসই’র চেয়ারম্যান এ. কে. এম. হাবিবুর রহমান ভারতের সহকারী হাইকমিশনারকে তার মূল্যবান সময় ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের পুঁজিবাজারের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।