বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৯:০৪

বিসিআই’র সদস্যপদ: বাংলাদেশ ব্যাংকের নতুন মাইলফলক 

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও কার্যক্রমের ধারাবাহিকতা আরও জোরদার করতে বাংলাদেশ ব্যাংক যুক্তরাজ্য ভিত্তিক বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউটের (বিসিআই) কর্পোরেট সদস্য পদ অর্জন করেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি তার বিদ্যমান বিজনেস কন্টিনিউটি প্ল্যান ২০১৫-এর উন্নত সংস্করণ ‘বিসিপি ভার্সন ২.০’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। 

আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বিসিআই’র সদস্যপদ অর্জন করা হয়েছে। এই অর্জন ব্যাংকের  বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট ও অপারেশনাল রেজিলেন্স সংক্রান্ত কার্যক্রমকে আরও সুসংহত ও আধুনিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিসিআই ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ব স্বীকৃত সংস্থা, যা বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট ও অপারেশনাল রেজিলেন্স এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ে বৈশ্বিক মানদণ্ড নির্ধারণ, গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করে। 

সদস্য পদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক-সর্বাধুনিক জ্ঞান, গাইডলাইন, টুলস ও আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসে সরাসরি প্রবেশাধিকার পাবে। 

এ ছাড়া ব্যাংকের কর্মকর্তারা আন্তর্জাতিক প্রশিক্ষণ, সার্টিফিকেশন, সেমিনার, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

সংস্থাটি আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক এবং সুপরিচিত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বিসিআই’র বেস্ট প্র্যাকটিস অনুসরণ করে থাকে, যা এটিকে একটি শক্তিশালী বৈশ্বিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই সদস্যপদ অর্জনের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত হবে এবং দেশের আর্থিক ব্যবস্থায় আস্থা আরও সুদৃঢ় হবে। 

এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা ও সক্ষমতা উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত হবে। 

এতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে একটি আধুনিক, রেজিলিয়েন্ট প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহায়ক হবে।