বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৮:২৬

কারিগরি শিক্ষার উন্নয়নে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বিসিসিসিআই

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস): দেশে কারিগরি শিক্ষার উন্নয়নে সম্ভাব্য সহযোগিতা জোরদারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। 

বৈঠকে বিসিসিসিআই প্রতিনিধিদল কারিগরি শিক্ষার বিভিন্ন খাতে সহযোগিতার প্রস্তাব তুলে ধরে। 

আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন তারা।

বিসিসিসিআই’র শিক্ষাবিষয়ক স্থায়ী উপ-কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবালের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকে বিসিসিসিআই’র পরিচালক ও শিক্ষাবিষয়ক উপ-কমিটির সহ-চেয়ারম্যান ড. মো. রাকিবুল হক এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত ছিলেন। 

এছাড়া বেইজিং আরক গ্যালাক্সি টেকনোলজি কোম্পানি লিমিটেডের ওভারসিজ ডিরেক্টর ইউয়ে শুয়েশান, সিসিইসিসি’র জেনারেল ম্যানেজার শু ওয়েন সিয়াং এবং ই-তাই-ই-লু চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ড. সাদি বৈঠকে অংশ নেন।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে দেশে কারিগরি শিক্ষা উন্নয়নে বিসিসিসিআই’র চলমান উদ্যোগের প্রশংসা করেন।

বিসিসিসিআই বেইজিং আরক গ্যালাক্সি টেকনোলজি কোম্পানি লিমিটেডের সহযোগিতায় একটি প্রস্তাব উপস্থাপন করে। এতে নতুন বিভাগ ও বিষয় চালু, বিদ্যমান কোর্সসমূহকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র তুলে ধরা হয়।

এছাড়া শিক্ষাসামগ্রী ও যন্ত্রপাতি সরবরাহ, বাংলাদেশ ও চীনে অবস্থিত চীনা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং চীন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরির বিষয়ও প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল।
চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রস্তাবিত কার্যক্রম বাস্তবায়নে চীনা অর্থায়নের সহায়তায় কারিগরি সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

সচিব বিভিন্ন খাতে, বিশেষ করে কৃষি খাতে স্মার্ট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চীনা বিনিয়োগকারীদের সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।