বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৮:২২

ডিএসই বোর্ডে যোগ দিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান  

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের প্রধান শেয়ারবাজারের প্রশাসন ও কৌশলগত তত্ত্বাবধান জোরদারের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র স্বাধীন পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ অনুষ্ঠিত ডিএসই’র ১১১২তম সভায় তিনি বোর্ডে যোগ দেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩০ মার্চ ২০২৬ তারিখে তার নিয়োগ অনুমোদন করে, বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান বর্তমানে ৪৬তম স্বাধীন পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের পুরো সময়জুড়ে তিনি পেশাদারিত্ব, নেতৃত্ব ও কার্যগত উৎকর্ষের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।