বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৮২৪ কোটি টাকা 

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনের পরিমাণ ছিল উল্লেখযোগ্য।

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির ২৮ কোটি ৫৩ লাখ ৮২ হাজার ১৬৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৪ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৮৪১ টাকা।

দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১০ দশমিক ৭২ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪২ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। তবে ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসইএস শরিয়াহ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১০১ দশমিক ২০ পয়েন্টে নেমে আসে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টির শেয়ারদর বেড়েছে, ২২১টির কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল, খান ব্রাদার্স পিপি, যমুনা ব্যাংক, রবি আজিয়াটা, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফার্মা, সায়হাম কটন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে ইনটেক লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল, নাহি অ্যালুমিনিয়াম, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, সমতা লেদার, জিকিউ বলপেন, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, বিডি কম, এফবিএফ ইনকাম ফান্ড ও এক্সিম প্রথম মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার, সাইফ পাওয়ার, কে অ্যান্ড কিউ, তিতাস গ্যাস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, জাহিন স্পিনিং, মুন্নু ফেব্রিকস ও পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড-১।