বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৪

জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ৫.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ব্রিক

ছবি: সংগৃহীত

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামালপুর অর্থনৈতিক অঞ্চলে (জেইজেড) ৫.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বৃহৎ পরিসরের কৃষি-প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে বিজনেস রিসার্চ ইন্টারন্যাশনাল করপোরেশন (ব্রিক)।

আজ রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে বেজা ও ব্রিকের মধ্যে এ সংক্রান্ত একটি জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ, উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদ এবং ব্রিকের পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট মিশাল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় যৌথ উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক কৃষি-প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন ও পরিচালনা করা হবে, যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যের বাজার উৎসাহিত করা হবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের কৃষিভিত্তিক শিল্পখাতকে আরও শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ ও রপ্তানি উভয় বাজারকে গুরুত্ব দিয়ে উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে ব্রিক। প্রতিষ্ঠানটি রেনাটা লিমিটেডে একক বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে ফার্মাসিউটিক্যাল খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। পাশাপাশি ডাইরেক্ট ফ্রেশ লিমিটেডের মাধ্যমে খাদ্য ও পণ্য বিতরণ খাতে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও ব্রিক’র বিনিয়োগ রয়েছে। জামালপুর অর্থনৈতিক অঞ্চলের এই নতুন উদ্যোগটি বাংলাদেশে ব্রিক’র বহুমুখী বিনিয়োগ কার্যক্রমের একটি কৌশলগত সম্প্রসারণ।

চুক্তি অনুযায়ী, আধুনিক, রপ্তানিমুখী ও পরিবেশবান্ধব শিল্প ইউনিট স্থাপনের জন্য ব্রিককে পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি আগামী ৩ বছরের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে।

প্রকল্পটি একটি রপ্তানিমুখী ও পরিবেশবান্ধব শিল্প উদ্যোগ, যেখানে তুলনামূলকভাবে কম পানি, বিদ্যুৎ এবং গ্যাসের প্রয়োজন হবে। এ কারখানায় পেস্ট, পাল্প, পিউরি, জুস ও পানীয় এবং মশলা উৎপাদন করা হবে।

এছাড়া, প্রতিষ্ঠানটি তার কাঁচামালের ৫০ শতাংশেরও বেশি স্থানীয় বাজার থেকে সংগ্রহ করার পরিকল্পনা করেছে, যা দেশের কৃষি বাজারকে উৎসাহিত করবে এবং কৃষিভিত্তিক শিল্প খাতকে আরও শক্তিশালী করবে। 

এই শিল্প ইউনিট স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের ১৫ শতাংশ বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছে। এর ফলে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের বিনিয়োগের ফলে কৃষিখাতে শিল্পায়ন ত্বরান্বিত হবে, রপ্তানি বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সংশ্লিষ্ট অঞ্চলের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভায় বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়ে বলেন, জামালপুর অর্থনৈতিক অঞ্চল একটি প্লাগ অ্যান্ড প্লে অর্থনৈতিক এনক্লেভে পরিণত হতে যাচ্ছে। 

তিনি বলেন, শীঘ্রই শীর্ষ একটি প্রতিষ্ঠান এখানে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করবে। বিজনেস রিসার্চ ইন্টারন্যাশনাল কর্পোরেশনের এই বিনিয়োগ বেজার পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের একটি উদাহরণ। 

তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের অ্যাগ্রো প্রসেসিং শিল্প উদ্যোগ অন্যান্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদেরও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করবে।

উল্লেখ্য, জামালপুর অর্থনৈতিক অঞ্চল ময়মনসিংহ বিভাগে বাস্তবায়নাধীন প্রথম সরকারি অর্থনৈতিক অঞ্চল। জোনটি সর্বমোট ৪৩৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হবে। জোনটির সফল বাস্তবায়নে প্রত্যক্ষভাবে প্রায় ৩২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জোনটি কৃষিভিত্তিক শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ছাড়াও বিভিন্ন শিল্পের জন্য উপযুক্ত বলে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ অঞ্চলে গ্যাস সংযোগ লাইন, ৩৩/১১ কেভিএ বিদ্যুৎ সাব-স্টেশন, প্রশাসনিক ও ডরমেটরি ভবন, ভূমি উন্নয়ন, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে এখন পর্যন্ত ১৮টি প্রতিষ্ঠানের সাথে লিজ চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্রসহ ৬টি শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।