শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ফ্রান্সের রাজধানী প্যারিসের লে-বুর্জে এক্সিবিশন সেন্টারে আজ থেকে বিশ্বের টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের অন্যতম বৃহৎ প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড প্যারিস ও অ্যাপারেল সোর্সিং শুরু হয়েছে।
তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রদর্শনীতে বিশ্বজুড়ে টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় উদ্যোক্তা, ক্রেতা ও শিল্প পেশাজীবীরা নতুন পণ্য প্রদর্শন, সোর্সিং এবং নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে একত্রিত হয়েছেন। আন্তর্জাতিক ফ্যাশন চেইনের নীতিনির্ধারক ও কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে এবারের আসর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
টেক্সওয়ার্ল্ড প্যারিসের ৫৮তম সংস্করণে পাকিস্তান, চীন, ভারত, তুরস্ক ও বাংলাদেশের মতো শীর্ষ টেক্সটাইল উৎপাদনকারী দেশসহ বিশ্বের ৩৩টি দেশ থেকে ১ হাজার ১০০-এর বেশি প্রদর্শক অংশ নিয়েছে। এর ফলে বৈশ্বিক ক্রেতারা আধুনিক, সৃজনশীল ও গুণগত মানসম্পন্ন টেক্সটাইল ও অ্যাপারেল পণ্যের বিস্তৃত সংগ্রহ প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন।
এ প্রদর্শনীতে ৩১টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জোরালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান সরাসরি টেক্সওয়ার্ল্ড এক্সিবিটর হিসেবে, সাতটি অ্যাপারেল কোম্পানি স্বতন্ত্রভাবে এবং ২০টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করছে।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আরএন ডেনিম/এমএবি গ্রুপ, এনজেড ডেনিম, এইচ অ্যান্ড এফ ফ্যাশন, ইউনি ওয়্যার সোর্সিং, ক্লোভার ডিজাইন অ্যান্ড সোর্সিং, বেঙ্গল গ্লোরি, সিরাজ অ্যাপারেলস ও রহমত নিটওয়্যার। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা তুলে ধরছে।
বাংলাদেশি কোম্পানিগুলো বহুমুখী পণ্যের প্রদর্শন, ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং নতুন রপ্তানি বাজার অনুসন্ধানে এ প্রদর্শনীর প্ল্যাটফর্মকে কার্যকরভাবে কাজে লাগাচ্ছে।
এ বিষয়ে টিম ম্যানুফ্যাকচারিংয়ের ডেপুটি ম্যানেজার (মার্চেন্ডাইজিং) আব্রার হুসাইন বলেন, ‘প্রদর্শনীর প্রথম দিনটি অত্যন্ত ভালোভাবে শুরু হয়েছে। দর্শক ও শিল্প পেশাজীবীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমাদের পণ্যের প্রতি উৎসাহব্যঞ্জক আগ্রহ লক্ষ্য করেছি। আগামী দিনগুলোতে আরও অর্থবহ সংযোগের প্রত্যাশা করছি।’