বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে আছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। তার সাথে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলংকার সোনাল দিনুশা।

আগস্টের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন থাইল্যান্ডের সুলিপুরান লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।  

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। 

গত মাসে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৩ উইকেট। হাসানের ম্যাচ সেরা বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। 

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে এক ইনিংস বোলিং করে ৬৭ রানে উইকেটশূন্য থাকেন হাসান। সিরিজে মোট ৫০ ওভার বল করে ১৭৮ রানে ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নেন নিয়ে মাস সেরার দৌড়ে জায়গা করে নেন এই হাসান।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নেন রবিনসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৫১ রানে ৫ এবং ২৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। ইনিংস ও ১০৩ রানে টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। 

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ২৪ রানে ৪টি করে উইকেট শিকার করেন রবিনসন। ১৯৪ রানে জয় পাওয়া ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

ঘরের মাঠের ভারতের বিপক্ষে দুই টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিনুশা। গল টেস্টে ১০০ ও ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। কলম্বোতে দ্বিতীয় টেস্টে ১০৩ ও অনবদ্য ১৩৩ রানের ইনিংস খেলে শ্রীলংকাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন দিনুশা।