শিরোনাম

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে চমক দেখিয়েছেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ।
আজ টুর্নামেন্টের ৩১তম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৩ রানে ৩ উইকেট নেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামা মিরাজ।
ম্যাচে ১৭ রানে ৫ উইকেট নেন গায়ানার অধিনায়ক ও স্পিনার দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। দুই স্পিনারের ঘূর্ণিতে গায়ানা ৪ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়াকে।
গায়ানার মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়া। মিরাজ ও তাহিরের ঘূর্ণিতে ১৮ দশমিক ৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কামিল পুরান।
চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এসে ম্যাচে ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন মিরাজ। ৪ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়ে গায়ানার সেরা বোলার তাহির।
জবাবে ১৮ দশমিক ৩ ওভারে ৬ উইকেটে ১২২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায় গায়ানা। গায়ানার পক্ষে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসন উভয়েই ৩৭ রানের ইনিংস খেলেন। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৪ বলে ১ রান করেন মিরাজ। ম্যাচ সেরা হন ৪৭ বছর বয়সি তাহির।