শিরোনাম

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ফেরান তোরেসের হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ৬-১ গোলে স্লোভাকিয়ার ক্লাব স্লোাভান ব্রাতিসলাভাকে।
ঘরের মাঠ প্যারিসে শুরু থেকেই স্লোাভান ব্রাতিসলাভাকে চেপে ধরে পিএসজি। তবে গোল পেতে ১৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। উসমান দেম্বেলের গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি। এরপর ২৩ মিনিটে আবারও গোল করে পিএসজিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দেম্বেলে।
দেম্বেলে ঝলক শেষ হওয়ার পর গোল উৎসবে মাতেন স্পেনকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো তোরেস। ম্যাচের ৩১, ৪৭ ও ৫৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। বিশ্বকাপ ফাইনালে তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন।

তোরেসের হ্যাটট্রিকে ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথম গোল হজম করে পিএসজি। ৫৮ মিনিটে স্লোাভান ব্রাতিসলাভার হয়ে সান্ত্বনাসূচক গোল করেন সুলেমান কামারা।
শেষদিকে পিএসজিকে ষষ্ঠ গোল এনে দেন ফাবিয়ান রুইজ। ৮৭ মিনিটে গোল করেন তিনি। ৬-১ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করল পিএসজি।
এদিকে, কর্ষ্টাজিত জয় পেয়েছে দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও লিভারপুল। ইতালিয়ান ক্লাব নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
ম্যাচের ৭৫ মিনিটে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন মার্টিন ওডেগার্ড। ক্রিস্তস জলিসের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন নরওয়ের তারকা ওডেগার্ড।

এছাড়া, পিছিয়ে পড়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের ১৭ মিনিটে মার্কোস লরেন্তের গোলে প্রথমে এগিয়ে যায় অ্যাথলেটিকো। ৪০ মিনিটে ডোমিনিক সোবোসলাইয়ের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় লিভারপুল।
এরপর ৫০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোল ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত এই স্কোর লাইন ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।