বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮

গোল উৎসবে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : গোল উৎসব করে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগ শুরু করেছে বার্সেলোনা। গতরাতে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বার্সা ৫-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডকে। 

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। এছাড়া একটি করে গোল করেন লামিনে ইয়ামাল, গ্যাব্রিয়েল জেসুস ও করিম আদেয়েমি।

ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে ফেইনুর্ডের বিপক্ষে গোল আদায় করে নেয় বার্সেলোনা। ইয়ামালের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন রাফিনহা।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। হুয়াও ক্যানসেলোর পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল আদায় করে নেন আদেয়েমি। প্রথমার্ধে এই দুই গোলে এগিয়ে থাকে বার্সেলোনা। 

দ্বিতীয়ার্ধে মাঝমাঠ দখলে নিয়ে বার্সেলোনাকে তৃতীয় গোল এনে দেন রাফিনহা। ৫৭ মিনিটে পেদ্রির সহায়তায় বল পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শটে ফেইনুর্ডের জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান রাফিনহা। এবারের মৌসুমে নিজের অষ্টম গোল করেন তিনি। 

৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে ৪-০ গোলে এগিয়ে দেন ইয়ামাল। এক হালি গোল হজমের পর প্রথম গোলের দেখা পায় ফেইনুর্ড। ৮২ মিনিটে গোল করে ব্যবধান কমান সেম স্টেইন।  

ফেইনুর্ডের প্রথম গোলের পর ব্যবধান আবার বাড়ায় বার্সেলোনা। ৮৫ মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় জেসুস। 

শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে এই নিয়ে চতুর্থবার প্রতিপক্ষকে  পাঁচ গোলে হারালো বার্সেলোনা। 

স্প্যানিশ লিগে চার ম্যাচের মধ্যে তিনটিতে যথাক্রমে ৫-০, ৫-২ ও ৫-০ গোলে জয় পায় বার্সা। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রথম পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত ২২ গোল করেছে তারা। বিপরীতে মাত্র ৩ গোল হজম করেছে বার্সা।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘ছেলেরা খুবই ভালো খেলেছে। দারুণ একটি ম্যাচ ছিল। ম্যাচের শুরু থেকে আমরা বল ও মধ্যমাঠ দখলে রাখার চেষ্টা করেছি।

আমাদের মূল লক্ষ্য ছিল-আধিপত্য বিস্তার করে খেলা। আমি বলবো, আমাদের পরিকল্পনায় আমরা সফল হয়েছি। এই জয় আমাদের পরের ম্যাচগুলোতেই আত্মবিশ্বাস দেবে।’