শিরোনাম

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের হারমানপ্রিত কৌর।
চলমান নারী এশিয়া কাপের নবম ম্যাচে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়েন হারমানপ্রিত।
হারমানপ্রিতের পর দ্বিতীয় সর্বোচ্চ ১২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু।
এই তালিকার তৃতীয় স্থানে আছেন রুয়ান্ডার মেরি বিমেনিয়িমানা। ১০১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মেগ ল্যানিং। দলকে ১০০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
অন্যদিকে, পুরুষ টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড নামিবিয়ার জেরার্ড ইরাসমাসের।
জাতীয় দলকে ৯১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
নারী ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ডও হারমানপ্রিতের। এখন অবধি ২০৫টি ম্যাচ খেলেছেন তিনি।
হারমানপ্রিতের বিশ্ব রেকর্ড গড়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮ দশমিক ১ ওভারে ৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৩ ব্যাটারকে হারিয়ে ৫৭ রানে তুলে ৭ উইকেটে জয় পায় ভারত।