বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

হালান্ডের গোলে হ্যাটট্রিক জয় ম্যান সিটির 

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেষ্টার সিটি। 

গতরাতে আর্লিং হালান্ডের গোলে ম্যান সিটি ১-০ ব্যবধানে হারিয়েছে নবাগত কভেন্ট্রি সিটিকে। 

টানা দুই ম্যাচ জিতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটির মুখোমুখি হয় ম্যান সিটি। ম্যাচের অষ্টম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল কভেন্ট্রি। 

আন্তোনিও সেমেনিওর ভুল পাসে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন তাইও আওনিয়ি। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা একা পেয়েও বল বাইরে মারেন নাইজেরিয়ার স্ট্রাইকার আওনিয়ি।

১৪ মিনিটে ম্যান সিটিকে গোল বঞ্চিত করেন কভেন্ট্রির গোলরক্ষক কার্ল রাশওয়ার্থ। হালান্ডের বাঁ-পায়ের জোরালো শট বাঁ-দিকে ঝাপিয়ে রুখে দেন রাশওয়ার্থ।

২৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ম্যান সিটি। ম্যান সিটির জার্সিতে প্রথম খেলতে নামা আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে শট নেন রায়ান শেরকি। কিন্তু তার শট ডান পোস্টে লেগে ফিরে আসে।

তবে বেশিক্ষণ গোলের জন্য অপেক্ষা করতে হয়নি ম্যান সিটি এবং হালান্ডকে। ২৬ মিনিটে ডানদিক থেকে সেমেনিওর ক্রসে হেডে বল জালে পাঠান নরওয়ের হালান্ড।

৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন হালান্ড। তার শট রুখে দেন রাশওয়ার্থ। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় ম্যান সিটি। 

৫৮ মিনিটে এনজোর পাস থেকে গোল করে ম্যান সিটিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হালান্ড। কিন্তু অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়। 

৭০ মিনিটে কভেন্ট্রির আওনিয়ি পাস থেকে বক্সে ঢুকে শট নেন লুডোভিক আজোরক। ডান দিকে ঝাঁপিয়ে আজোরকের শট রুখে দেন ম্যান সিটির গোলরক্ষক ডোনারুমা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

টানা তিন জয়ে তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যান সিটি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হাল সিটি। ৩ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি কভেন্ট্রি সিটি।