শিরোনাম

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ নিজেদের তৃতীয় ম্যাচে অনূর্ধ্ব-২৩ দল ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।
এর আগে, সিরিজে নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের কাছে হারের পর দ্বিতীয়টিতে বৃষ্টির কারণে অনূর্ধ্ব-১৭ দলের সাথে পয়েন্ট ভাগাভাগি করে অনূর্ধ্ব-২৩ দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ইনফর্ম ওপেনার এসকে জারিফ সিয়াম। ৭১ বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
এছাড়া আহসান আল মুমিন ৪৫ বলে ৩৫ রান এবং মেহরাব হাসান সিজান ৩৬ বলে ৩৩ রান করেন।
বল হাতে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে স্বাধীন ইসলাম তিনটি এবং মহিউদ্দিন তারেক দুটি উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে অনূর্ধ্ব-২৩ দলকে ২১ ওভারে ১৩০ রানের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আজিজুল হাকিম তামিম ও আদিল। ৭৪ বলে ৬৩ রান করে প্রথম আউট হন আদিল।
এরপর ম্যাচের হাল ধরেন তামিম ও কালাম সিদ্দিকী আলিন। দ্বিতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে ১১১ বল বাকী থাকতে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
৭৯ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তামিম। অনপ্রান্তে ৪০ বলে অপরাজিত ৩৯ রান করেন আলিন। ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি।