শিরোনাম

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): স্প্যানিশ ফুটবল লিগে নিজেদের চতুর্থ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে ৯৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ।
কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রিয়ালের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। ফলে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।
চলতি মৌসুমে এটি রিয়ালের প্রথম হার। বেতিসের হয়ে ৮১ মিনিটে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার ট্রয় প্যারোট।
প্রথম ম্যাচে এস্পানিয়লের বিপক্ষে ২-১ গোলে জিতলেও পরের দুই ম্যাচে দাপুটে জয় পায় রিয়াল। নিজেদের দ্বিতীয় ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারায় তারা।
তৃতীয় ম্যাচে মালাগাকে ৪-০ ব্যবধানে হারিয়ে হ্যাট্টিক জয় তুলে নেয় রিয়াল। হ্যাটট্রিক জয়ের স্বাদ নিয়ে গতরাতে বেতিসের মাঠে খেলতে নামে রিয়াল।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ৮০ মিনিট পর্যন্ত গোল পায়নি রিয়াল ও বেতিস। অবশেষে ৮১তম মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে।
কর্নার থেকে বেতিসের মিডফিল্ডার নেলসন দেয়োসার হেড ফিরিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফিরতি বলে নিখুঁত শটে গোল করেন বেতিসের আইরিশ স্ট্রাইকার প্যারোট। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ করে বেতিস।
এরপর ম্যাচটি গড়ায় ইনজুরি সময়ে। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ডি-বক্সে ভিনিসিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল।
কিন্তু এমবাপ্পের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন বেতিসের গোলরক্ষক আলভারো ভালেস। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে বেতিস।
চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেতিস।