বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৭

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতা-২০২৬-এ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডো দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে আজ ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পাঁচটি দল- বিজিবি, সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ঢাকার উত্তরা কলেজ অংশগ্রহণ করে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার একটি ইভেন্টে বিজিবি জুডো দলের চারজন খেলোয়াড় অংশগ্রহণ করে একটি স্বর্ণ ও একটি তাম্র পদক অর্জনের মাধ্যমে দলীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 

একটি রৌপ্য ও একটি তাম্র পদক অর্জন করে বিকেএসপি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং জুডো ফেডারেশনের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।