বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২০:৫২

নারী এশিয়া কাপ : কাল মিশন শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে কাল মাঠে নামছে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য ফাইনাল খেলা। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা বেশ কয়েকবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছি। এবার আমরা সেমির বাধা টপকাতে চাই।’

তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমাদের ব্যাটিং বেশ ভালো হচ্ছে। বিশেষ করে, এই টুর্নামেন্টে টপ-অর্ডাররা যদি ভালো ব্যাট করতে পারে তবে আমার মনে হয়, আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে আমরা ভারতকে এড়াতে পারব।’

গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারলেই সেমিফাইনাল খেলার টিকিট পাবে বাংলাদেশ। ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত একবার এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাইগ্রেসরা।

এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। একবার করে শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা ও বাংলাদেশ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।