শিরোনাম

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ইন্টার মায়ামির নতুন কোচ হলেন আর্জেন্টিনার সাবেক উইঙ্গার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় জাভিয়ের মাচেরানো সরে দাঁড়ানোর পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পান গিয়ের্মো ওশো। গঞ্জালেজ ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত মায়ামির দায়িত্ব পালন করবেন ওশো।
সংবাদ বিজ্ঞপ্তিতে মায়ামি জানায়, ‘প্রয়োজনীয় কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) হাতে পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন গঞ্জালেজ। নতুন প্রধান কোচ ও তার কোচিং স্টাফরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন ওশো।’
১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৬ ম্যাচ খেলেন ৫২ বছর বয়সি গঞ্জালেজ। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আর্জেন্টিনা দলে জায়গা করে নেন তিনি। ২০০৫ সালে ইন্টার মায়ামির বর্তমান অধিনায়ক লিওনেল মেসির সাথে জাতীয় দলে খেলেছেন তিনি। ঐ বছর পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একসাথে খেলেছিলেন গঞ্জালেজ ও মেসি।
১৯৯৩ সালে রোজারিও সেন্ট্রালের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেন গঞ্জালেজ। তিন বছর পর ইউরোপে পাড়ি দেন তিনি। সেখানে লা লিগার ভ্যালেন্সিয়া ও জারাগোজা এবং সিরি আ’তে ইন্টার মিলানের হয়ে খেলেছেন গঞ্জালেজ।
২০২০ সালে কোচিং পেশায় যোগ দেন গঞ্জালেজ। আর্জেন্টিনার তিন ক্লাব রোজারিও সেন্ট্রাল, উনিয়ন (সান্তা ফে) এবং প্লাতেন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গঞ্জালেজ।
বর্তমানে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাসভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে তারা।
তবে অন্তর্বর্তীকালীন কোচ ওশোর অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে মায়ামি।