বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৮
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২০:০৭

সিয়ামের অলরাউন্ড নৈপুণ্যে জিডি ট্রফিতে উড়ন্ত সূচনা অনূর্ধ্ব-১৯ দলের

ছবি : বাসস

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি’ টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার শেখ জারিফ সিয়ামের চোখ ধাঁধানো ৯৯ রানের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৪৬ রানের বড়  ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে।

ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে নিজের জাত চিনিয়েছেন সিয়াম। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তারপরও সিয়ামের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৮ উইকেটে ৩২৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

সকালের বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফরিদ হাসান। ব্যাট হাতে নেমেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হন সিয়াম। সিয়ামের মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৩ রানের সূচনা পায় অনূর্ধ্ব-১৯ দল। সিয়ামের সঙ্গী আবদুল্লাহ মুহি ১১ রানে আউট হন। তিন নম্বরে নামা অদ্রিত ঘোষ ৫ রানে ফিরলে ৫৯ রানে ২ উইকেট হারায় অনূর্ধ্ব-১৯ দল।

ছবি : বাসস

তৃতীয় উইকেটে ১৪১ রানের জুটি গড়েন সিয়াম এবং আহসান আলী মুমিন। এরমধ্যে ৩৯ বলে ৬টি চারের সহায়তায় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সিয়াম। অর্ধশতকের পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। রানের গতি বাড়িয়ে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন সিয়াম।
 
তবে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে মুমিনের সাথে ভুল বোঝাবুঝিতে রানআউট হন সিয়াম। নামের পাশে ৯৯ রান রেখে সাজঘরে ফেরেন তিনি। সিয়ামের ৭৬ বলের ইনিংসে ১২টি চার ও তিনটি ছক্কা ছিল। 

এরপর ৬৭ রানে বিদায় নেন মুমিন। তবে অধিনায়ক ফরিদের ৬২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩২৯ রানের বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৯ দল।

জবাবে ৩৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রতিপক্ষে বোলারদের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি অনূর্ধ্ব-১৭ দলের ব্যাটাররা। ২৯ দশমিক ১ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় তারা। 

দলের হয়ে মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হন। এরমধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন ইমরান ভূঁইয়া।

দুর্দান্ত বোলিংয়ে অনূর্ধ্ব-১৯ দলের জয়ে অবদান রাখা শাকিল খান ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া আতিকুর রহমান ও তাফিউল আলম দুটি করে উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে ৯৯ রান করার পাশাপাশি অফ-স্পিন ঘূর্ণিতে মাত্র ১০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন সিয়াম। অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।