শিরোনাম

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস): লা লিগার প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। রাফিনিয়া ও ফারমিন লোপেজ দু’টি করে গোল করেছেন। অভিষেক ম্যাচেই অ্যান্থনি গর্ডন দুটি গোলে সহায়তা করেছেন।
এর আগে ডিফেন্ডার রবিন লে নরমান্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে কোনোমতে পয়েন্ট রক্ষা করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ।
শনিবার হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ শেষ মুহূর্তের গোলে এস্পানিওলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। তার পরদিন বার্সেলোনার এই দুর্দান্ত পারফরম্যান্স পর্তুগিজ কোচের জন্য অনেকটা সতর্কবার্তাই দিয়েছে- শিরোপা সহজে ছেড়ে দেবে না কাতালানরা।
বার্সার হয়ে অভিষেকেই গোল করেছেন করিম আদেয়েমিও। মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে দুর্বল এলচের বিপক্ষে খুব সহজেই জয় তুলে নেয় বার্সেলোনা।
বিশ্বকাপের পর খেলোয়াড়রা এখনও পুরোপুরি ছন্দে ফিরতে না পারায় কোচ হান্সি ফ্লিক শুরুর একাদশে নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে বেঞ্চে রেখেছিলেন।
বিশ্বকাপজয়ী স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য টিনএজ উইঙ্গার লামিন ইয়ামাল ডান প্রান্তে শুরু থেকেই খেললেও নিজের সেরা ছন্দে ছিলেন না। তবে বার্সেলোনার বাকি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে সেটি কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি।
ফ্লিক সাংবাদিকদের বলেন, “এই দলের বিপক্ষে পাঁচ গোল করা ভালো ব্যাপার। এলচে দারুণ ফুটবল খেলে। ৫-০ গোলে জিতেছি, তিন পয়েন্ট পেয়েছি, আমরা সত্যিই খুব খুশি। আমাদের জন্য এটি দুর্দান্ত শুরু। পরের ম্যাচগুলোর জন্য যে আত্মবিশ্বাস দরকার, এটি আমাদের সেটি দেবে।”
রবার্ট লিওয়ানদোস্কি ও ফেরান তোরেস ক্লাব ছাড়ার পর ব্রাজিলের তারকা রাফিনিয়া দলের ‘নাম্বার নাইন’ হিসেবে নিজেকে দারুনভাবে প্রমান করেছেন।
এ্যাথলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজকে দলে নিতে বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও বার্সেলোনা এখনও একজন স্ট্রাইকারের সন্ধানে রয়েছে।
১৪ মিনিটে ভিক্টর চুস্ত বক্সের মধ্যে রাফিনিয়াকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া।
বাঁ প্রান্তে খেলা দ্রুতগতির উইঙ্গার আদেয়েমি শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে ম্যাচে নিজেকে মেলে ধরেন। বিরতির আগে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা সাবেক নিউক্যাসল উইঙ্গার গর্ডন দারুণ প্রভাব ফেলেন। তিনি রাফিনিয়াকে তার দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করে দেন এবং পরে লোপেজকে দিয়ে বার্সার চতুর্থ গোলটিও করান।
তরুণ জাভি এসপার্টের পাস থেকে লোপেজ নিজের দ্বিতীয় গোলটি করে বার্সেলোনার সহজ জয় নিশ্চিত করেন। চোটের কারণে স্পেনের বিশ্বকাপজয়ী দলের অংশ হতে না পারায় লোপেজের জন্য গ্রীষ্মটা ছিল কঠিন।
রাজধানী মাদ্রিদে জেরার্ড মোরেনো ও জর্জেস মিকাউতাদজের পেনাল্টি গোলের পর গিয়ুলিয়ানো সিমেওনে এ্যাথলেটিকোকে ড্র উপহার দেন। এর আগে ৫৯ মিনিটে মার্ক পুবিলের গোলে এগিয়ে গিয়েছিল এ্যাথলেটিকো।
কোচ দিয়েগো সিমিওনে দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজকে বদলি হিসেবে মাঠে নামান। এ সময় স্বাগতিক সমর্থকদের কাছ থেকে আলভারেজকে উদ্দেশ্য করে ব্যাপক দুয়োধ্বনি শোনা যায়।
ড্র নিশ্চিত করার পর সতীর্থরা যখন সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছিলেন, তখন আলভারেজ একাই টানেলের দিকে চলে যান।
সিমিওনে বলেন, “এটা জুলিয়ানের সিদ্ধান্ত ছিল না, ক্লাবের সিদ্ধান্ত ছিল।”
এ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক ডিএজেডএনকে বলেন, “আমার মনে হয় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলিয়ান আমাদের দলের সঙ্গে আছে, সে যতদিন এখানে থাকবে আমরা তাকে সমর্থন করব।”
“কারও জন্যই এটি স্বস্তিকর পরিস্থিতি নয়। আশা করি এর সমাধান হবে এবং মৌসুম শেষে আমরা সবাই খুশি থাকব।”
প্রায় এক ঘণ্টা খেলা শেষে স্পেনের ডিফেন্ডার পুবিল দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে এ্যাথলেটিকোকে এগিয়ে দেন। মরটেন হালমান্ডের অসতর্ক ফাউলে তাজন বুকানন পড়ে গেলে পেনাল্টি পায় ভিয়ারিয়াল। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান মোরেনো।
এরপর আলভারেজকে মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামান সিমিওনে। আর্জেন্টাইন তারকা মাঠে নামার সময় এ্যাথলেটিকো সমর্থকরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
ম্যাচ শেষের ১২ মিনিট আগে আবারও পেনাল্টি পায় ভিয়ারিয়াল। লে নরমান্ড মিকাউতাদজেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তাকে লাল কার্ড দেখানো হয়। স্পট কিক থেকে মিকাউতাদজে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
তবে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে এ্যাথলেটিকোর প্লেমেকার অ্যালেক্স বায়েনার পাস থেকে দিয়েগো সিমিওনের ছেলে গিয়ুলিয়ানো গোল করে দলকে ২-২ সমতায় ফেরান।