শিরোনাম

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : আসন্ন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানান, সেমিফাইনাল থেকে বারবার বিদায়ের ইতিহাস এবার বদলাতে চায় বাংলাদেশ দল। পাশাপাশি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিততে বদ্ধপরিকর তার দল।
আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট দুবাইয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের এই তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে।
১০ ও ১১ সেপ্টেম্বর দু’টি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিকদের জ্যোতি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা বেশ কয়েকবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছি। এবার আমরা সেমির বাঁধা টপকাতে চাই।’
২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালে গ্রুপ পর্ব থেকে এবং ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাইগ্রেসরা।
এশিয়া কাপের ফাইনালে উঠার জন্য দলের টপ-অর্ডার বা শীর্ষ সারির ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করেন জ্যোতি। তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের ব্যাটিং বেশ ভালো হচ্ছে। বিশেষ করে এই টুর্নামেন্টে টপ-অর্ডাররা যদি ভালো ব্যাট করতে পারে তবে আমার মনে হয়, আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে।’
সেমিফাইনালে ভারতকে এড়ানোর জন্য গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে চান জ্যোতি। তিনি বলেন, ‘গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে সেমিফাইনালে আমরা ভারতকে এড়াতে পারবো।’
এশিয়া কাপের মাধ্যমে বাংলাদেশ ২০২৬ সালে জাপানের আইচি ও নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্য নিজেদের প্রস্তুতি সারতে পারবে বাংলাদেশ দল। যা ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এশিয়ান গেমস নিয়ে জ্যোতি বলেন, ‘এশিয়ান গেমসে আমাদের প্রধান লক্ষ্য- স্বর্ণ পদক জয়। আশা করছি এবার আমরা এবার স্বর্ণ পদক জিততে পারবো। তাহলে এটি হবে আরও বড় অর্জন।’
২০১০ সালের এশিয়ান গেমসে রৌপ্য এবং ২০১৪ সালে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। জ্যোতি মনে করেন, এশিয়া কাপের ভালো পারফরমেন্স করতে পারলে এশিয়ান গেমসে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, ‘আমরা যদি এশিয়া কাপে ভালো খেলতে পারি, তবে এশিয়ান গেমসে সেটির প্রতিফলন অবশ্যই পড়বে।’