শিরোনাম

ঢাকা, ২৮ জুন ২০২৬ (বাসস) : দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ক্রীড়া উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান আজ রবিবার গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড়গণ।
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী মোট ২৩ জন কৃতি খেলোয়াড়ের হাতে প্রাইজমানি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে ক্রীড়াঙ্গনেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনছে।
তিনি বলেন, আজকের এই সম্মাননা ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত-শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার সরকারি উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গর্বিত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।
সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির খেলার মাঠে আয়োজিত নবম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বাংলাদেশে বেসবল খেলার বিকাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক সহযোগিতা এবং সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন।
পরে তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, শুধু প্রচলিত খেলাই নয়, বেসবলের মতো সম্ভাবনাময় খেলাগুলোকে রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।