শিরোনাম

ঢাকা, ২৮ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। টেস্টের প্রথম সেশনে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান তুলেছিল তারা। দ্বিতীয় সেশনে ৬৪ রান যোগ করতেই বাকী ৮ উইকেট হারিয়েছে টাইগাররা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম ২০ রান করেন।
এরপর তৃতীয় উইকেটে ১৩০ বলে ৭৭ রানের জুটি গড়েন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে বিদায় নেন মোমিনুল। ১২টি চারে ৮১ বলে ৬০ রান করেন তিনি।
দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুল আউট হবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। ফলে ১৪০ রানে অলআউট হয় তারা। ২৭ রানে শেষ ৮ উইকেট হারায় টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে এটি দ্বিতীয় সর্বনি¤œ দলীয় রান বাংলাদেশের।
শান্তর ১৯ রানের পর, পরের দিকে আর কোন ব্যাটারই দুই অংকে পা দিতে পারেননি। মুশফিকুর রহিম ৯, তাওহিদ হৃদয় ৩, অমিত হাসান ৪, তাইজুল ইসলাম ৯, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ খালি হাতে ফিরেন।
জিম্বাবুয়ের নিউম্যান ন্যামহুরি ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভা-ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ২টি করে শিকার করেন।