শিরোনাম

ঢাকা, ২৮ জুন ২০২৬ (বাসস) : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান করে টাইগ্রেসরা।
দলের হয়ে সোবহানা মোস্তারি সর্বোচ্চ ৪২ এবং অধিনায়ক নিগার সুলতানা অপরাজিত ৩২ রান করেন।
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ডেলিভারিতে উইকেট হারায় টাইগ্রেসরা। গোল্ডেন ডাক মারেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।
রানের খাতা খুলে ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফিরেন বাংলাদেশের আরেক ওপেনার তাজ নেহার। ১২ বলে ১ রান করেন তিনি।
১৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন সোবহানা ও শারমিন আক্তার। ৬২ বলে ৫৬ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন তারা।
দলীয় ৭০ ও ৭৭ রানে সাজঘরের পথ ধরেন দু’জনই। শারমিন ১টি চারে ২৯ বলে ২২ এবং সোবহানা ৩টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৪২ রান করেন।
ছয় নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি স্বর্ণা আকতার। ৯৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ইনিংসের শেষ ১১ বলে বাংলাদেশকে ২২ রান এনে দেন অধিনায়ক নিগার ও রিতু মনি। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
৪টি চার ও ১টি ছক্কায় ২০ বলে অনবদ্য ৩২ রান করেন নিগার। ১ রানে অপরাজিত থাকেন রিতু।
দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা ২ উইকেট নেন।