বাসস
  ২৮ জুন ২০২৬, ১৭:৪২

শেষ ৩২’এ অনিশ্চিত সালাহ

ঢাকা, ২৮ জুন ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২’-এর ম্যাচে অনিশ্চিত মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ।  

‘জি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হয়েছিল মিশর। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে ইনজুরিতে পড়ে ৫৭ মিনিটে মাঠ ছাড়েন সালাহ।

৩৪ বছর বয়সী সালাহর ইনজুরি নিয়ে মিশরের চিকিৎসক মোহাম্মদ আবু জানান, স্ক্যান করার আগেই ব্যথার কথা জানান সালাহ। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে সালাহর হ্যামস্ট্রিংয়ে টান লাগার বিষয়টি নিশ্চিত হয়েছে। 

এক বিবৃতিতে মিশরীয় ফুটবল এাসোসিয়েশন জানিয়েছে, চিকিৎসা প্রক্রিয়া শুরু করেছেন সালাহ। আগামী ৩ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সালাহ খেলার মত ফিট থাকবেন কিনা সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

এর আগে গত এপ্রিলের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিভারপুলের সালাহ। পরে সুস্থ হয়ে লিভারপুলের হয়ে মৌসুমের শেষ দুই ম্যাচ খেলেছিলেন তিনি। 

চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র’তে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ৩২-এ খেলার টিকিট পায় মিশর। আগামী ৪ জুলাই টেক্সাসে শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। 

এখন পর্যন্ত বিশ্বকাপে মাত্র একটি গোল করেছেন এবং দু’টি গোলে অ্যাসিস্ট করেছেন সালাহ।