বাসস
  ২৭ জুন ২০২৬, ১৭:০৪
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৭:১৪

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

ঢাকা, ২৭ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘জি’ থেকে সেরা দল হয়েই নক আউট পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই খেলায় ড্র করার পর তৃতীয় ও শেষ ম্যাচে আজ বেলজিয়াম ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। 

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র’তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই নক আউটের টিকিট নিশ্চিত করে বেলজিয়াম। ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করল নিউজিল্যান্ড। 

ভ্যাঙ্কুভারে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে নিউজিল্যান্ডকে চাপে রেখেছিল বেলজিয়াম। ১২ মিনিটে এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। কিন্তু স্ট্রাইকার লিনদ্রো ট্রসার্ডের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার সুরমান। 

২০ মিনিটে নিউজিল্যান্ডের সুরমানের হাতে লাগার কারনে বেলজিয়ামকে পেনাল্টি দেন রেফারি। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় রিপ্লে দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি। 

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামকে। ২৮ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেনি নিউজিল্যান্ডের ডিফেন্ডার টাইলার বিনদোন। তার পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান ট্রসার্ড। সহজেই বলকে জালে জড়ান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এই লিড নিয়ে ম্যাচের বিরতিতে যায় বেলজিয়াম। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে নিউজিল্যান্ডের জালে আরও চারবার বল পাঠায় বেলজিয়াম। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আর্সেনালের ট্রসার্ড। মাঝ মাঠ থেকে হান্স ভানাকানেকে বল দেন কেভিন ডি ব্রুইনা। বল পেয়ে গোল মুখে শট নেন ভানাকানে। কিন্তু তার শট আটকে দেন নিউজিল্যান্ড গোলরক্ষক ক্রোকম্বে। ফিরতি বল পেয়ে বল জালে পাঠান ট্রসার্ড। 

৬৬ মিনিটে বেলজিয়ামকে তৃতীয় গোল এনে দেন ডি ব্রুইনা। মধ্যমাঠ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো ও নিচু শটে ক্রোকম্বকে পরাস্ত করে জালের ডানদিক দিয়ে গোল করেন ডি ব্রইনা। ৩-০ ব্যবধানে এগিয়ে জয়ের পথ তৈরি করে ফেলে বেলজিয়াম। 

৮৪ মিনিটে ব্যবধান কমায় নিউজিল্যান্ড। কর্নার থেকে আসা বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি বেলজিয়ামের ডিফেন্ডারেরা। বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে গোল করেন এলিজা জাস্ট। 

দুই মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় বেলজিয়াম। ৮৬ মিনিটে নিকোলাস রাসকিনের ক্রস থেকে হেডে গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। 

ইনজুরি সময়ে চতুর্থ মিনিটে নিউজিল্যান্ডের জালে পঞ্চমবার বল পাঠান অ্যালেক্সিস সায়েলেমেকার্স। লুকাকুর পাস থেকে বল পেয়ে গোল করেন অ্যালেক্সিস। ফলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রুডি গার্সিয়ার দল।