বাসস
  ২৫ জুন ২০২৬, ২৩:৫২

ভারতের কাছে হারল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে টাইগ্রেসরা। জবাবে ১৬.৫ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তুলে জয় পায় ভারত।

এই হারে বিশ^কাপের সেমিফাইনালে খেলার পথ অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে টাইগ্রেসরা। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সেমির দৌড়ে টিকে থাকল ভারত। 

ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪ রান করে ফিরেন ওপেনার দিলারা আক্তার। 

এরপর ৪২ বলে ৫১ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারি। উইকেটে সেট হয়ে দলীয় ৭৯ রানের মধ্যে বিদায় নেন দু’জনে। জুয়াইরিয়া ৫টি বাউন্ডারিতে ৩৩ এবং সোবহানা ২ চারে ২২ রান করেন। 

চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ২১ বলে ২৭ রানের জুটিতে বাংলাদেশের রান ১শ পার করেন অধিনায়ক নিগার। ৪টি চারে ২৭ বলে ৩২ রান করে বিদায় নেন নিগার।

দলীয় ১০৬ রানে নিগার ফেরার পর শারমিন ১০ রানে আহত অবসর ও রিতু মনি ৮ রানে আউট হন।

শেষ দিকে স্বর্ণা আক্তারের ১০ বলে ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে এটিই সর্বোচ্চ রান বাংলাদেশের। ভারতের রাধা যাদব ২৮ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ওপেনার শেফালি ভার্মার হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় ভারত। ৮টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৫৩ রান করেন ভার্মা। এছাড়া জেমিমা রড্রিগেজ ২৬ রান করেন। 

ভারতের ৫ উইকেট শিকার করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। রিতু মনি ২টি, মারুফা আক্তার-রাবেয়া খান ও নাহিদা আক্তার ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন শেফালি। 

আগামী ২৮ জুন গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।