বাসস
  ২৫ জুন ২০২৬, ২১:০৮

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের চতুর্থ ম্যাচে ভারতকে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে টাইগ্রেসরা। 

দলের হয়ে জুয়াইরিয়া ফেরদৌস ৩৩ ও অধিনায়ক নিগার সুলতানা ৩২ রান করেন। 

ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। ৪ রান করে ফিরেন ওপেনার দিলারা আক্তার। 

এরপর ৪২ বলে ৫১ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারি। উইকেটে সেট হয়ে দলীয় ৭৯ রানের মধ্যে বিদায় নেন দু’জনে। জুয়াইরিয়া ৫টি বাউন্ডারিতে ৩৩ এবং সোবহানা ২ চারে ২২ রান করেন। 

চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ২১ বলে ২৭ রানের জুটিতে বাংলাদেশের রান ১শতে নেন অধিনায়ক নিগার। ৪টি চারে ২৭ বলে ৩২ রান করে বিদায় নেন নিগার।

দলীয় ১০৬ রানে টাইগ্রেস দলনেতা ফেরার পর শারমিন ১০ রানে আহত অবসর ও রিতু মনি ৮ রানে আউট হন।

শেষ দিকে স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

ভারতের রাধা যাদব ২৮ রানে ৩ উইকেট নেন।