বাসস
  ২৫ জুন ২০২৬, ১৭:৩৩

কাতারের মিডফিল্ডার আসিম মাডিবো পাঁচ ম্যাচ নিষিদ্ধ

ঢাকা, ২৫ জুন ২০২৬ (বাসস) : কানাডার ইসমায়েল কোনেকে পায়ে গুরুতর আঘাতের কারনে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কাতারের মিডফিল্ডার আসিম মাডিবো। এই আঘাতের পর গুরুতর ইনজুরিতে পড়ে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কোনে।

২৯ বছর বয়সী মাডিবো বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৫৩ মিনিটে কোনেকে বিপদজনক ট্যাকেল করে লাল কার্ড দেখেন। এই আঘাতের ফলে কানাডিয়ান মিডফিল্ডার কোনের পায়ের হাড়ে চিড় ধরা পড়েছে। 

পুরো ঘটনা বিশ্লেষন করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি গুরুতর ফাউলের অপরাধে মাডিবোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার বিপরীতে মাডিবোর আপিলের সুযোগ রয়েছে। 

পুরো টুর্নামেন্ট থেকে কোনে ছিটকে পড়ায় কানাডার বিশ^কাপ মিশনে বড় ধাক্কা লেগেছে। মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের বাম পায়ের  টিবিয়া ও ফিবুলার হাড় ভেঙ্গে গেছে। 

ইতালিয়ান সিরি-এ ক্লাব সাসৌলোর খেলোয়াড় কোনের পায়ে তাৎক্ষনিকভাবে অস্ত্রোপচার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে কোনেকে দেখতে কানাডিয়ান ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়েছেন মাডিবো এবং এই ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন। 

এদিকে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে গ্রুপ-বি’র শেষ ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে কাতার। সুইজারল্যান্ডের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে কানাডা।