শিরোনাম

ঢাকা, ২৩ জুন ২০২৬ (বাসস) : অলরাউন্ডার সিকান্দার রাজাকে ছাড়াই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
আজ বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। যা হারারেতে ২৮ জুন থেকে শুরু হবে। টেস্ট শেষে দু’দল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে।
ওস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টের বাকী অংশে খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবেন না রাজা।
গত ডিসেম্বরে টেস্ট ও ওয়ানডের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ক্রেইগ আরভিন। তার জায়গায় দুই ফরম্যাটের নেতৃত্ব পান পেসার রিচার্ড এনগারাভা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে তার।
রাজাসহ আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন তানুনুরওয়া মাকোনি, নিক ওয়েলচ, আন্তুম নাকভি, টিনোতেন্ডা মাপোসা এবং ওয়েলিংটন মাসাকাদজা। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, নিউম্যান নিয়ামহুরি, তাদিওয়ানাশে মারুমানি ও ওয়েসলি মাধেভেরে।
২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ টেস্টে দেখা হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ের। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়। আর ২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট ২২০ রানে জিতেছিল টাইগাররা।
জিম্বাবুয়ে দল : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, নিউম্যান নিয়ামহুরি, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ক্রেগ আরভিন, ব্র্যাড ইভান্স, রয় কাইয়া, ব্লেসিং মুজারাবানি, ব্রেন্ডন টেইলর ও তাফাদজোয়া টিসিগা।