বাসস
  ২৩ জুন ২০২৬, ২২:২০

রোমেরোকে নিয়ে চিন্তায় স্কালোনি

ঢাকা, ২৩ জুন ২০২৬ (বাসস) : গতরাতে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো।

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রোমেরোর ইনজুরির বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন রোমেরো। তার জায়গায় মাঠে নামেন নিকোলাস ওটামেন্ডি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোমেরোর ইনজুরির নিয়ে স্কালোনি বলেন, ‘ইনজুরির মাত্রা সর্ম্পকে আমরা এখনও পুরোপুরি জানি না। এমন সমস্যা তার আগের থেকেই ছিল। আশা করি বড় কিছু হবে না। আগামীকাল বা পরশু তার হাঁটুর পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে নয়, সে না থাকলেও তার পরিবর্তে যে খেলবে সে ভালো করবে। কিন্তু সবাইকে পাওয়া গেলে সবসময়ই ভালো হয়।’ 

অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে নক আউট পর্ব নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় তারা। ২ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। 

আগামী ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে মেসির দল।