শিরোনাম

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে গোল তো পাননি, পাশাপাশি নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি তিনি। তাই রোনাল্ডোকে নিয়ে সমালোচনা চলছেই।
তবে রোনাল্ডোর সমর্থনে সমালোচকদের এক হাত নিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার মাইকেল ওয়েন।
তিনি জানান, প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকলেও দ্রুত নিজের চেনা রূপে ফিরবেন রোনাল্ডো। পর্তুগালের পরের ম্যাচে রোনাল্ডো হ্যাটট্রিক করলে অবাক হবার কিছু থাকবে না।
বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ফ্রান্সের হয়ে দুই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু দলের জন্য কিছুই করতে পারেননি রোনাল্ডো।
গোলের যা সুযোগ পেয়েছেন, সেটিও হেলায় হারিয়েছেন তিনি।
রোনাল্ডোর সমালোচনা না করে তার পাশে থাকার কথা জানালেন ওয়েন। ডেইলি মেইলে এক কলামে ওয়েন লিখেন, ‘পর্তুগাল ম্যাচের আগের দিন হ্যাটট্রিক করেছে মেসি। পরের দিন রোনাল্ডো কিছু করতে পারেনি। তার মানে এই নয়, তার সমালোচনা করতে হবে। আমি রোনাল্ডোর পাশে আছি।’
বিশ্বকাপে পরের ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। ঐ ম্যাচে রোনাল্ডো জ্বলে উঠবে বলে বিশ্বাস করেন ওয়েন। ঐ কলামে ওয়েন আরও জানান, ‘আমি নিশ্চিত পরের ম্যাচে সবার মুখ বন্ধ করে দেবে রোনাল্ডো। এমন ঘটনা তো এরআগেও বহুবার ঘটেছে। রোনাল্ডো মাঠে থাকা মানে, যে কোনও মুহূর্তে গোল করতে পারা। যদি উজবেকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে, তাহলে আমি অবাক হবো না।’
ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করে পর্তুগাল। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।