বাসস
  ২২ জুন ২০২৬, ১৯:০৩

অ্যাশেজের প্রস্তুতিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার পরিকল্পনা ইংল্যান্ডের

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে ২০২৭ সালে মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে আগ্রহী ইংল্যান্ড। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচটি হতে পারে। এখনও কোন কিছুই চূড়ান্ত করেনি ইসিবি। কারন জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইসিবি। ঐ ফাইনালের ভেন্যুর উপর নির্ভর করছে বাংলাদেশ ম্যাচের ভেন্যু। 

২০৩১ সাল পর্যন্ত তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের জন্য ইসিবির সঙ্গে চুক্তি আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। গত দুই আসরের মত এবারও লর্ডসকেই ফাইনালের জন্য নির্ধারিত করে রাখা হয়েছিল। কিন্তু লর্ডসের উইকেট নিয়ে উদ্বেগ থাকায়, ফাইনাল সরে যেতে পারে ওভালে। 

এদিকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সাথে ইসিবির চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে লর্ডসে অন্তত দু’টি টেস্ট আয়োজন করতে হবে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ওভালে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে লর্ডসে টেস্ট আয়োজন করতে পারে ইসিবি।

সবকিছু ঠিক থাকলে ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল টাইগাররা। ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট সিরিজ খেলে টাইগাররা। ঐবারও দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। 

২০১৬ সালে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ২২ রানে হারলেও ঢাকায় দ্বিতীয় ম্যাচ ১০৮ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। 

এছাড়াও আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ইতিহাসের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আরও একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ফলে ২০২৭ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ৯টি টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের।