বাসস
  ২২ জুন ২০২৬, ১২:৩২

খেলোয়াড়দের লাভজনক দলবদলের পথে বিশ্বকাপ কোনও বাধা নয়

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপ দীর্ঘদিন ধরেই খেলোয়াড়দের জন্য নিজেদের সামর্থ্য প্রদর্শন করে বড় অঙ্কের দলবদল নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত। তবে এবারের আসরে অনেক খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্ব পালন করার পাশাপাশি নিজেদের ক্লাব-ভবিষ্যৎ নিয়েও সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলাকে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ-এর খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় বিশ্বকাপ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে, এরপরই তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামেন। সেই ম্যাচে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দের বিপক্ষে স্পেন অপ্রত্যাশিতভাবে ০-০ গোলে ড্র করে।

কয়েক দিন পরই লিভারপুল ৪ কোটি ইউরো মূল্যের চুক্তিতে তার স্প্যানিশ সতীর্থ ভিক্টর মুনিয়েজকে দলে ভেড়ানোর প্রতিযোগিতায় জয়ী হয়।

এছাড়া আলেক্স গ্রিমালদোও বায়ার লেভারকুসেন ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। অন্যদিকে পেদ্রো পোরো বিশ্বকাপ চলাকালেই টটেনহ্যামের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।

এই ধারাবাহিক দলবদল এবং স্পেনের হতাশাজনক সূচনার কারণে দেশে প্রশ্ন উঠেছে, খেলোয়াড়রা কি ক্লাব ক্যারিয়ারে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় জাতীয় দলের পারফরম্যান্সে প্রভাব পড়ছে? তবে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

তিনি বলেন, “এই টুর্নামেন্ট চলাকালে কুকুরেলা বা অন্য কোনো সতীর্থের জন্য ভালো খবর এলে আমরা তা উদযাপন করি। কারণ তাদের জন্য ভালো হলে পুরো দলের জন্যই ভালো। খেলোয়াড়দের যেকোনো সুখবর আমাকে তাদের মতোই আনন্দ দেয়।”

কুকুরেলা জানান, চেলসি থেকে ৫ কোটি ৫০ লাখ ইউরোর এই দলবদল মাত্র দেড় দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছিল, যাতে তিনি পুরো মনোযোগ বিশ্বকাপে দিতে পারেন।

তবে দলবদল বাজারের ব্যস্ততা শুধু স্পেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় তারা ফ্রান্সের ইব্রাহিমা কোনাতেট এবং পর্তুগালের মিডফিল্ডার বার্নার্ন্দো সিলভাকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে।

অন্যদিকে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বায়ার্ন মিউনিখ মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে পিএসভি এইন্ডোভেন থেকে ৫ কোটি ৫০ লাখ ইউরোয় দলে নিতে চুক্তিতে পৌঁছেছে। টুর্নামেন্টে দুই ম্যাচে দুই গোল করে সাইবারি ইতোমধ্যে অন্যতম উদীয়মান তারকায় পরিণত হয়েছেন।

নেদারল্যান্ডসের ডিফেন্ডার ইয়ান পল ফন হেকে জাপান ও সুইডেনের বিপক্ষে নিজেদের প্রথম দুই গ্রুপ ম্যাচের মাঝখানে ব্রাইটন থেকে প্রায় ৫ কোটি ২০ লাখ পাউন্ডে টটেনহ্যামে যোগ দেন।

এলিয়ট অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের হয়ে বিশ্বকাপ খেলতে খেলতেই ইতিহাসের সবচেয়ে দামি ইংলিশ ফুটবলার হওয়ার পথে রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে  বলা হয়েছে, ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্টের এই ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে। পুরো চুক্তির মূল্য ১২ কোটি পাউন্ড ছাড়িয়ে যেতে পারে।

ইংল্যান্ড কোচ থমাস টাচেল ক্লাব বনাম দেশের দায়িত্বের এই বিতর্কের দুই দিকই খুব ভালোভাবে জানেন। সাবেক প্যারিস সেইন্ট-জার্মেই, চেলসি ও বায়ার্ন মিউনিখ কোচ টুর্নামেন্ট শুররু আগে বলেছিলেন, বিশ্বকাপ চলাকালে সব ধরনের দলবদল কার্যক্রম বন্ধ রাখা বাস্তবসম্মত নয়। তবে তিনি কিছু সীমাবদ্ধতা আরোপের কথা বলেছেন।

টাচেল বলেন, “এটা সাধারণ বুদ্ধির ব্যাপার। ম্যাচের আগের দিন বা ম্যাচের দিন আমি এমন কিছু পছন্দ করব না, এটাই আমাদের নীতি। যদি ব্যক্তিগতভাবে, দক্ষতার সঙ্গে এবং নীরবে এসব কাজ সম্পন্ন হয়, তাহলে আমরা সবসময় সাহায্য করতে প্রস্তুত। কোনো খেলোয়াড় যদি ক্লাব পরিবর্তনের সুযোগ পায়, আমরা তার পথে বাধা হয়ে দাঁড়াব না।”

“অবশ্যই আদর্শ পরিস্থিতি হতো যদি বিশ্বকাপের সময় কোনো দলবদল না হতো। কিন্তু বাস্তব জীবন এমন নয়। প্রশ্ন হলো, আমরা এ নিয়ে কতটা উদ্বিগ্ন হব? আমি যদি খেলোয়াড়দের বলি এখন এসব নিয়ে কাজ না করতে, তবুও তাদের ফোনে একের পর এক কল আসতেই থাকবে। তাহলে আমরা সেটা কীভাবে নিয়ন্ত্রণ করব?”

অন্যদিকে অনেক খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ এখনও নিজেদের মূল্য বাড়িয়ে বড় ক্লাবে যাওয়ার আদর্শ সুযোগ। দুই গোল করে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন, নিউজিল্যান্ডের মিডফিল্ডার এলাইজা জাস্ট এবং সুইজারল্যান্ডের উইঙ্গার ইওহান মানজাম্বি। এছাড়া ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর মরক্কোর আয়ুব বুয়াদ্দিকে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।