বাসস
  ২১ জুন ২০২৬, ০০:১৭

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস) : ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকলো টাইগ্রেসরা। ৩ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে তারা। 

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারে ১৩ রানে তৃতীয় উইকেট হারায় তারা।

চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে ২৯ বলে ৩৫ রানের জুটিতে গড়ে শুরুর ধাক্কা সামাল দেন নিগার।

৩টি চারে ১৯ বলে ২২ রান করে বিদায় নেন সোবহানা।

এরপর রিতু মনিকে নিয়ে ২৯ বলে ২৪ এবং স্বর্ণার সাথে ১৯ বলে ২০ রান যোগ করেন নিগার। রিতু ৭ এবং ৫টি চারে ৩৮ বলে ৩৬ রানে থামেন নিগার।

দলীয় ৯২ রানে নিগার ফেরার পর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন স্বর্ণা। ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান পায় বাংলাদেশ।

৫টি চারে ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান তুলে অপরাজিত থাকেন স্বর্ণা। তার সাথে ৪ রানে অপরাজিত থাকেন রাবেয়া।

পাকিস্তানের ফাতিমা সানা ২ উইকেট নেন।

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫ বলে ৪৯ রানের সূচনা পায় পাকিস্তান। অষ্টম ওভারের তৃতীয় বলে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদা।

এরপর মেঘলাকে নিয়ে নিয়মিত বিরতিতে পাকিস্তানের উইকেট শিকারে মেতে ওঠেন নাহিদা। এক পর্যায়ে ৮৪ রানে পৌঁছাতেই অষ্টম উইকেট হারিয়ে বসে পাকিস্তান। অর্থাৎ নাহিদা-মেঘলার ঘূর্ণিতে ৩৫ রানে ৮ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার মুনিবা আলি।

বল হাতে বাংলাদেশের নাহিদা ১৮ রানে এবং মেঘলা ২১ রানে ৩টি করে উইকেট নেন। ২২ বলে ৩৯ রানের সুবাদে ম্যাচ সেরা হন বাংলাদেশের স্বর্ণা।

আগামী ২৫ জুন গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।