বাসস
  ১৯ জুন ২০২৬, ২০:৪২

পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের

ফাইল ছবি

ঢাকা, ১৯ জুন ২০২৬ (বাসস) : জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ দল। আগামীকাল গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগ্রেসরা। 

ইংল্যান্ডের সাউদাম্পটনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। 

বার্মিংহামে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান করে নেদারল্যান্ডস। 

জবাবে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৫ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটি সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।

মাত্র ৩২ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান জুয়াইরিয়া। ৩৩ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন এই ডান-হাতি ব্যাটার। 

লিডসে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ম্যাচ হারে টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রান করে বাংলাদেশ। মাত্র ১ উইকেট হারিয়ে ৯ দশমিক ৩ ওভারেই জয়ের স্বাদ পায় অসিরা। 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘জয় দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম। প্রথম জয়টি আমাদের মোমেন্টাম দিয়েছিল। আমরা সেটা ধরে রাখতে পারিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবো। আশা করি, ঘুরে দাঁড়াবে দল। ভালো খেলার সামর্থ্য আমাদের আছে।’

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিও জিততে পারেনি পাকিস্তান। ভারতের কাছে ৬৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করে তারা। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হারে পাকিস্তান। বাংলাদেশের কাছে হারলে সেমিফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে যাবে পাকিস্তানের। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। পাকিস্তানের জয় ১৬ ম্যাচে।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার, তাজ নেহার।